দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেনারেল ধীরাজ শেঠ। মঙ্গলবার তিনি দেশটির ৩১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তিনি বিদায়ী সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হন।
মহারাষ্ট্রের খড়কওয়াসলার ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সাবেক শিক্ষার্থী ধীরাজ শেঠ ১৯৮৬ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। প্রায় চার দশকের সামরিক জীবনে তিনি অপারেশনাল, কৌশলগত, সক্ষমতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি ও সেনাবাহিনীর দীর্ঘমেয়াদি আধুনিকীকরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
দীর্ঘ কর্মজীবনে উত্তর ভারতের মরু অঞ্চলে একটি সাঁজোয়া রেজিমেন্ট, পশ্চিমাঞ্চলীয় কমান্ডের অধীন একটি সাঁজোয়া ব্রিগেড এবং জম্মু-কাশ্মিরে সন্ত্রাসবিরোধী অভিযানের নেতৃত্ব দিয়েছেন। সেনাবাহিনীর অভ্যন্তরে তিনি ‘স্পষ্টভাষী ট্যাংকম্যান’ হিসেবেও পরিচিত। সর্বশেষ উপ-সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সেনাবাহিনীর প্রধান স্ট্রাইক ফরমেশন ‘সুদর্শন চক্র কোর’-এর নেতৃত্বে ছিলেন।
জেনারেল শেঠ এমন সময়ে ভারতের প্রায় ১৩ লাখ সেনাসদস্যের নেতৃত্ব নিলেন, যখন বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং প্রযুক্তিনির্ভর যুদ্ধের নতুন বাস্তবতা তৈরি হয়েছে।
এদিকে ১ জুলাই থেকে ভারতীয় সশস্ত্র বাহিনীতেও একাধিক গুরুত্বপূর্ণ রদবদল হয়েছে। বিমানবাহিনীর নতুন সহ-প্রধান হয়েছেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। তিনি এয়ার মার্শাল নাগেশ কাপুরের স্থলাভিষিক্ত হয়েছেন।
নতুন উপ-সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন। তিনি সেনাবাহিনীর অপারেশন, পরিকল্পনা ও সক্ষমতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমান্ডের নতুন কমান্ডার হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহিত মালহোত্রা, দক্ষিণ কমান্ডের দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল রাজেশ পুষ্কর এবং লেহভিত্তিক ‘ফায়ার অ্যান্ড ফিউরি কোর’-এর নতুন কমান্ডার হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মদনরাজ পান্ডে।
এমএস/